নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ওষুধের আরো ১৭টি কাঁচামাল আমদানিতে শুল্কছাড়ের ঘোষণা দিয়েছে সরকার।
বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এই রেয়াত সুবিধবার কথা তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
প্রস্তাবিত বাজেটে ক্যান্সারের ওষুধ তৈরির নতুন ৯টি কাঁচামাল আমদানিতে রেয়াত সুবিধা দেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, “দেশে সাশ্রয়ী মূল্যে ক্যান্সার প্রতিরোধী ওষুধ উৎপাদনকে সক্ষম ও স্বাবলম্বী করে তুলতে বিদ্যমান রেয়াতি শুল্ক সুবিধার প্রজ্ঞাপনে কাঁচামাল আমদানির ক্ষেত্রে নতুন করে আরও ৯টি উপকরণ যুক্ত করে করা হয়েছে।
“আমদানি শুল্ক ও ভ্যাট শূন্য শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।”
বাজেটে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) তৈরির নতুন ৫১টি কাঁচামালের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।
এছাড়া ওষুধ শিল্পের নতুন ১৭টি কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা প্রস্তাব রয়েছে বাজেটে।
অর্থমন্ত্রী বলেন, “আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি ওষুধের রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে বিদ্যমান রেয়াতি সুবিধা সংক্রান্ত প্রজ্ঞাপনে নতুন করে আরও ১৭টি মৌলিক কাঁচামাল অন্তর্ভুক্ত করে আমদানি শুল্ক শূণ্য শতাংশ করার প্রস্তাব করছি।”

