নতুন অর্থবছরে ক্যানসারসহ ৬ রোগে আক্রান্তদের সহায়তা দ্বিগুণ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট ঘোষণায় এ প্রস্তাব দিয়েছেন তিনি।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, “ক্যানসারসহ ৬টি দুরারোগ্য রোগে আক্রান্তদের এককালীন সহায়তা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হবে।”
এদিন বেলা ৩টায় জাতীয় সংসদে তিনি ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মধ্য দিয়ে সরকার গঠন করা বিএনপি প্রথমবার বাজেট দিচ্ছে।
বর্তমানে সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্তদের জন্য এককালীন ৫০ হাজার টাকা অর্থ সহায়তার কর্মসূচি চালু রয়েছে।
নতুন অর্থবছরে এই এককালীন সহায়তা দ্বিগুন করার প্রস্তাব করলেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, “সামাজিক নিরাপত্তা খাতে ২০২৬-২৭ অর্থবছরে ১ লাখ ৪৪ হাজার ৩৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি।”
বিগত ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বরাদ্দ ছিল ১ লাখ ২৬ হাজার ৭৩১ কোটি টাকা।

